প্রিন্ট এর তারিখঃ May 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 21, 2026 ইং
*রূপগঞ্জে হাম রুবেলা টিকার আনুষ্ঠানিক উদ্বোধন*

*রূপগঞ্জে হাম রুবেলা টিকার আনুষ্ঠানিক উদ্বোধন*
সারা দেশে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। সোমবার দুপুরে বগুড়ার গাবতলীর বাগবাড়ীতে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিকাদান কার্যক্রমের সূচনা করেন।
সরকার জানিয়েছে, আগামী এক মাসের মধ্যে দেশের প্রায় ১ কোটি ৭৮ লাখ শিশুকে এই টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এদিকে, একই দিনে আরও তিন শিশুর হাম রোগে মৃত্যুর খবর পাওয়া গেছে, যা স্বাস্থ্যখাতে উদ্বেগ বাড়িয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি শিশুকে টিকার আওতায় আনা অত্যন্ত জরুরি। কোনো শিশু যেন বাদ না পড়ে, সে বিষয়ে মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের সতর্ক থাকার নির্দেশনা দেন তিনি। এ সময় তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, মন্ত্রিপরিষদের সদস্য এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এমএ মুহিত দেশের স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতার কথা উল্লেখ করে বলেন, অতীতের দুর্নীতি ও নীতিগত ভুলের কারণে এই খাতে সংকট তৈরি হয়েছে। ভবিষ্যতে যাতে এমন পরিস্থিতি না হয়, সে জন্য টিকা মজুদের দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে।
অন্যদিকে, নারায়ণগঞ্জের রূপগঞ্জেও ‘দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’-এর উদ্বোধন করা হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানান, আগামী অর্থবছর থেকে ১৫ মাসের চাহিদা মাথায় রেখে টিকা ও প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহের পরিকল্পনা রয়েছে এবং সবসময় অন্তত ছয় মাসের টিকা মজুদ রাখার উদ্যোগ নেওয়া হবে।
মন্ত্রী আরও বলেন, শিশুদের সুস্থ রাখতে শুধু ওষুধ নয়, পুষ্টিও গুরুত্বপূর্ণ। বিশেষ করে মায়ের দুধ শিশুর জন্য সবচেয়ে কার্যকর প্রতিরোধক হিসেবে কাজ করে। এ বিষয়ে সচেতনতা বাড়াতে মায়েদের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা, স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। টিকাদান কার্যক্রমকে ঘিরে বিভিন্ন স্থানে সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ 69Bangla Tv